মিরপুরে জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » মিরপুরে জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল
সোমবার, ১১ মে ২০২৬



মিরপুরে জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

চব্বিশের জুলাই আন্দোলনের মধ্যে মিরপুরে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাই কোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে আইনজীবী জানিয়েছেন।

সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।

লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, মিরপুর মডেল থানায় করা এ মামলায় হাই কোর্ট ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিল। হাই কোর্টের ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

আপিল বিভাগ হাই কোর্টের আদেশে হস্তক্ষেপ করেনি, অর্থাৎ হাই কোর্টের জামিন আদেশ বহাল রয়েছে। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে দেওয়া হয়।

তবে তার বিরুদ্ধে আরও ৬টি মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে জানান এই আইনজীবী।

মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডাররা রামদা, পিস্তল ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়া হামলা চালায়।

এ সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন মিরপুরের বাঙালিয়ানা ভোজ হোটেলের সহকারী বাবুর্চি হৃদয় মিয়া। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি। গুলিতে হৃদয়ের ডান পায়ের হাঁটুর বাটি দুই ভাগ হয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে (নিটোর) নেওয়া হলে ১৩টি সেলাই দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে ৩ অগাস্ট পুনরায় হাসপাতালে নিয়ে তার পা থেকে বুলেট বের করা হয়।

সরকার পতনের পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন হৃদয় মিয়া, যেখানে সুমনকে ৩ নম্বর আসামি করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সুমনকে গ্রেপ্তার করা হয়।

মিরপুরের এই মামলা ছাড়াও গত বছরের ২১ মে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলা ও ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলাতেও সুমনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৬   ১৪১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ