দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাসডুবি অভিযানে হামজা, দুই নারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » জাতীয় » দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাসডুবি অভিযানে হামজা, দুই নারীর মরদেহ উদ্ধার
বুধবার, ২৫ মার্চ ২০২৬



দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাসডুবি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। ডুবে যাওয়া বাস থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুজন হলেন রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। রেহেনার বাড়ি রাজবাড়ীর ভবানীপুর এলাকায়। মর্জিনা বেগমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসাধীন আছেন নুসরাত (২৯) নামের এক নারী। তিনি পেশায় একজন চিকিৎসক।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওদিকে বাস ডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০-৩৫ জন।

এদিকে বাসটি ডুবে যাওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ইতিমধ্যে বাসের অবস্থান শনাক্ত করা গেছে বলে ঘাট সূত্রে জানা গেছে। তবে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

উদ্ধার কাজে তদারকিতে আছেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। রাত পৌনে ৯টার দিকে তিনি বলেন, বাসটি শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে বাসের সাথে একটি হুক লাগানো হয়েছে। আরেকটি হুক লাগালেই বাসটি ওপরে তোলার কাজ করবেন।

এর আগে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে।

বুধবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

বাসটি নদীতে পড়ে যাওয়ার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে- বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে ছিল। ফেরিটি পন্টুনে যুক্ত ছিল। ফেরিতে যাত্রী ও যানবাহন ছিল। চলন্ত বাসটি মুহূর্তের মধ্যে পন্টুন থেকে নদীতে পড়ে যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, বাসটি পড়ার মুহূর্তে পন্টুন ও ফেরিতে থাকা লোকজন সেদিকে দৌড়ে যান। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে কয়েকজন ভেসে ওঠেন। তখন পন্টুন ও ফেরিতে থাকা লোকজন তাদের দিকে রশি ও লাইফবয় ফেলেন। তারা সেটি দিয়ে ধরে ওঠে আসেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৭   ১১৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ