তত্ত্বাবধায়কের পূর্ণাঙ্গ রায় সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান

প্রথম পাতা » জাতীয় » তত্ত্বাবধায়কের পূর্ণাঙ্গ রায় সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান

সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, চতুর্দশ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানান আইনজীবীরা। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।

এদিন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের নয়, পুরো জাতির জন্য মাইলফলক। আগের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজনীতির ফায়দা লুটতেই তত্ত্বাবধায়ক বাতিল করেই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল বলে জানান আইনজীবীরা। তারা বলেন, এই রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আবার ফিরল। এ-সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। জাতীয় সংসদের চতুর্দশ নির্বাচন থেকে তা প্রয়োগ হতে পারে।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত ত্রয়োদশ সংশোধনী আইন পুনরুজ্জীবিত করা হয়েছে। এই পুনরুজ্জীবিত ও পুনর্বহাল হওয়াটা সংবিধানের ৫৮বি ও ৫৮সি অনুচ্ছেদ সাপেক্ষে প্রয়োগ-কার্যকর হবে। ওই অনুচ্ছেদে আছে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে।

১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালের সেই রায় পুনর্বিবেচনার আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত। ২০২৫ সালের ২০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারক হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রায় তিন দশক আগে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের কোনো সাধারণ সংশোধনী ছিল না। এটি ছিল সামাজিক চুক্তির সমঝোতা। ত্রয়োদশ সংশোধনী প্রণয়ন নিজেই সার্বভৌম ইচ্ছার সরাসরি নির্দেশ দেয়। তাই তত্ত্বাবধায়ক সরকারকে ‘অগণতান্ত্রিক’ বলে যুক্তি দেওয়া মানে গণতন্ত্রের ধারণাকে ভুলভাবে বোঝা।

এই রায়ে আরও বলা হয়েছে, মনে রাখতে হবে এটি কোনো লিখিত আইন প্রণয়নই ছিল না; বরং একটি বিস্তৃত জাতীয় ঐকমত্যের ফসল ছিল, যা সংসদের সুনির্দিষ্ট নির্বাচনি ম্যান্ডেট অনুসরণ করে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে প্রণীত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:১৬:১৩   ৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
আজ থেকে ৭ দিনের ঈদের ছুটি শুরু
তত্ত্বাবধায়কের পূর্ণাঙ্গ রায় সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান
সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত
প্রথম অধিবেশনে ওয়াকআউটের ইঙ্গিত জামায়াতের
প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
আইসিটি’র এক প্রসিকিউটরকে অব্যাহতি, নিয়োগ দুই
সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ