![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভারস ইজাবস। তিনি বলেন, দুপুর পর্যন্ত আমরা ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি। আমরা চাই, বিকাল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকুক। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে সহযোগীদের নিয়ে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনে যান ইভারস ইজাবস। ইভারস ইজাবস বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। সারা দেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রতিবেদন ও তথ্য পাচ্ছি। ইইউইওএম প্রধান বলেন, বাংলাদেশের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন সারা দেশে ২০০ জনের বেশি পর্যবেক্ষক মোতায়েন করেছে। আমরা নিবিড়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। ইভারস ইজাবস বলেন, আমরা পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি না। আমরা শুধু নির্বাচন পর্যবেক্ষণ করছি এবং এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে ১৪ই ফেব্রুয়ারি আমাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবো। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পিটার। শরীয়তপুরে কয়েকটি আসন পর্যবেক্ষণ শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, যে ক’টি কেন্দ্র ঘুরেছি এখন পর্যন্ত আমরা অপ্রীতিকর কোনো ঘটনা দেখিনি। আর বাংলাদেশের সবক’টি জেলার পর্যবেক্ষণ শেষে, আমরা সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবো, কেমন ছিল এবার নির্বাচনের পরিবেশ। এসময় পিটার বলেন, এলাকাটিতে আমরা কিছু সেন্টার পরিদর্শন করেছি। বাংলাদেশে আমরা ৬৪ জেলায় ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক কাজ করছি। তবে একটি জেলার পর্যবেক্ষণ দেখে বাংলাদেশের সব জেলার ভোটের পরিবেশ পরিস্থিতি জানানো সম্ভব না।
বাংলাদেশ সময়: ৯:১৯:৫০ ৪৩ বার পঠিত