
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার দুপুরে সেগুনবাগিচায় উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠক শেষে এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এ তথ্য জানান। দূতাবাস প্রচারিত বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি। রোববার সকাল ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন। সূত্র জানায়, বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সচিবের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রায় আধাঘণ্টা স্থায়ী হয় বৈঠক।কূটনৈতিক সূত্র জানায়, উভয় বৈঠকেই মার্কিন দূত বাংলাদেশের অত্যাসন্ন নির্বাচনে কোনো দল বা জোটের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ পছন্দ নেই বলে দৃঢ়তার সঙ্গে জানান। বলেন- অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা যেনো তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত আশা করেন, বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৫ ৬৫ বার পঠিত