রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় মো. শাহাজাহান নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামের বাসিন্দা।
প্রাইভেট কারটির চালক এস এম রিজন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে প্রাইভেট কারটি তালাইমারী থেকে সাহেব বাজারের দিকে যাওয়ার সময় শহিদ মিনার এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উলটে সড়কের বিভাজকে পড়ে যায় এবং অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীও ছিটকে পড়েন। স্থানীয়রা আহত শাহাজাহান, মিতা বেগম ও তার মেয়ে আরশিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন। বোয়ালিয়া থানার ওসি মাসুমা মুস্তারি জানান, প্রাইভেট কারটি জব্দ এবং চালক রিজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ৭:২৮:৩৯ ৫ বার পঠিত #নিহত #পুলিশ #রাজশাহী #রাজশাহী বিশ্ববিদ্যালয় #সড়ক দুর্ঘটনা