দেশে পুলিশের জনবল সংকট মোকাবিলায় সরকার নতুন করে ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই পদের মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদ রয়েছে। এছাড়া ৪০০টি সার্জেন্ট এবং ৪৫০টি সহকারী পুলিশ সুপারের (এএসপি) পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করতে আরও ১ হাজার ৯৪৩টি পদ সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক মানদণ্ডের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে পুলিশের জনবলে ঘাটতি ১ লাখ ৩৫ হাজারেরও বেশি। বর্তমানে অনুমোদিত জনবল ২ লাখ ১৮ হাজার ৭৪৯টি, যেখানে প্রয়োজন ৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন।
অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন জানান, বর্তমান জনবল দিয়ে জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা কঠিন। মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশের পুলিশ-জনসংখ্যার অনুপাতের তুলনায় বাংলাদেশে জনবল উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন। প্রস্তাবিত পদগুলো সচিব কমিটির কাছে উপস্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার ওপরই এই পদ সৃষ্টির অগ্রগতি নির্ভর করছে। সব পদ অনুমোদিত হলেও পুলিশের জনবল ঘাটতি পুরোপুরি পূরণ হবে না, বরং ঘাটতি কমে ১ লাখ ১০ হাজার ৬৯৭ জনে দাঁড়াবে।
বাংলাদেশ সময়: ৭:২৬:০৮ ৪ বার পঠিত #জনবল সংকট #নিয়োগ #পুলিশ #বাংলাদেশ পুলিশ #স্বরাষ্ট্র মন্ত্রণালয়