মালয়েশিয়ায় বিনা খরচে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আগামী ডিসেম্বরেই শুরু হতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিজয়ের মাসে প্রথম দুই থেকে তিনটি ফ্লাইট চালুর প্রত্যাশা করছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসেই বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম দুই থেকে তিনটি ফ্লাইট চালু করতে চান তাঁরা। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন ব্যবস্থায় বিদেশগামী কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না এবং কর্মী পাঠানোর যাবতীয় ব্যয় বিদেশি নিয়োগকর্তা বা তাঁদের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এ প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য কিছু সার্ভিস চার্জও বাদ দেওয়া হয়েছে। সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যবসা নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না রেখে সব বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করছে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশি নিয়োগকর্তার চাহিদাপত্র অনলাইনে জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সত্যায়ন থাকতে হবে। এছাড়া, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী জানান।
বাংলাদেশ সময়: ২১:০২:১০ ৭ বার পঠিত #আরিফুল হক চৌধুরী #কর্মী নিয়োগ #প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় #মালয়েশিয়া #রেমিট্যান্স