হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

প্রথম পাতা » জাতীয় » হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই ও জেআইসিতে গুম-নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে এখন আর লড়বেন না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তবে ট্রাইব্যুনাল নিয়ে ‘বিরূপ’ মন্তব্যের জন্য ‘আদালত অবমাননার’ মুখে পড়া বিএনপি নেতা ফজলুর রহমানের আইনজীবী হওয়ার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ এ আইনজীবী।

এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও এখন তা থেকে সরে আসার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে জ্যেষ্ঠ এই আইনজীবী তার সিদ্ধান্ত বদলের ঘোষণা দিয়ে সেটির কারণও তুলে ধরেন।

এর আগে গত ২৩ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা পান্নার আবেদন আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ তাকে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দায়িত্ব দিয়েছিল।

টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

আর জেআইসিতে আটকে রেখে নির্যাতনের মামলাতেও আসামি শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি এ দুই মামলার আসামি শেখ হাসিনার ‘আস্থা না থাকার’ কথা তুলে ধরেন।

লাইভে তিনি বলেন, ‘এখন যেটা দেখলাম মাননীয়া শেখ হাসিনারও এ আদালতের ওপর আস্থা নাই এবং বিশেষ করে আমার বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী, রাজনৈতিকভাবে আমরা স্বাধীনতার পূর্ব থেকেই জড়িত অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে এ আদালত একটি আদালত অবমাননার মামলা আনয়ন করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করব।’

‘সো এই কারণে আর যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নাই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না। উচিত না, অনৈতিক।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের দুই মামলায় সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী পান্নাকে সাবেক প্রধানমন্ত্রীর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দায়িত্ব দেওয়ার আবেদন মঞ্জুর হলেও এখনো আনুষ্ঠানিক নিয়োগপত্র হাতে পাননি বলে ফেসবুক লাইভে তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘পেলে পরে ফর্মালি জানাব। আর না পেলে এখানে জানিয়ে দিলাম, আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াব না। যা হবার হবে, দেখা যাবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ওপর আস্থা নিরূপণ করার দায়িত্ব জনগণের বলে তুলে ধরে জেড আই খান পান্না বলেন, ‘আন্তর্জাতিকভাবে যারা গত ১৬ বছর যাবত আওয়ামী শাসনের ও বঙ্গবন্ধু কন্যার বিরোধিতা করেছে সেই হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামিনস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক সংগঠন তাদের মতামত ব্যক্ত করেছেন।’

‘আর আদালতে যদি আমি যথাযথভাবে নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি, তাহলেতো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই।’

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৮   ১৩৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ