ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাসের চালক ও সহকারীর অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টিরও বেশি বাস আটকে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে বাসগুলো আটকে রাখা হয়। পরে মুচলেকা নিয়ে বেলা আড়াইটার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রী তাঁর মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। ওই শিক্ষার্থী জানান, বাসের সহকারী তাঁর কাছে ৯০ টাকা ভাড়া দাবি করেন, যদিও নির্ধারিত ভাড়া ৭০ টাকা। তিনি শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ পাস দিতে চাইলে বাসের চালক ক্ষুব্ধ হয়ে হাফ ভাড়া নেওয়া হবে না বলে জানান। বাস থেকে নামার সময় তাঁর মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকে ‘বেয়াদব’ বলেন এবং বিনা ভাড়ায় নিলেও পোষাবে না বলে মন্তব্য করেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬।
এ ঘটনার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাসগুলো মুহসীন হল মাঠে রাখা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং জানান, তিনি বিষয়টি জানেন এবং পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ২০:১৩:২৪ ২৮ বার পঠিত #ঠিকানা পরিবহন #ঢাকা বিশ্ববিদ্যালয় #বাস #শিক্ষার্থী #হাফ পাস #হেনস্তা