শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টিটন হত্যা: সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » টিটন হত্যা: সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



রাজধানীর নিউমার্কেটে খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৮ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানালেও শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৩ নভেম্বর থেকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে সুইডেন আসলাম মামলার মূল ঘটনা এড়িয়ে বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু তথ্য ও একটি মোবাইল ফোন নম্বর যাচাই-বাছাই করা হচ্ছে।

মামলার এজাহার ও রিমান্ড আবেদনে বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে। পুলিশের দাবি, এ বিরোধের জেরে নিহত নঈম আহমেদ টিটন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। রিমান্ড আবেদনে সুইডেন আসলামের বিরুদ্ধে অপরাধজগতের নেটওয়ার্ক পরিচালনা এবং তেজগাঁও এলাকার আরেকটি হত্যা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। গত ২২ নভেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২২   ৩৪ বার পঠিত   #  #  #  #  #  #