মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রেলের নিয়োগ দুর্নীতির তিন মামলায় দুই কর্মকর্তার সাজা

প্রথম পাতা » আদালত সংবাদ » রেলের নিয়োগ দুর্নীতির তিন মামলায় দুই কর্মকর্তার সাজা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



রেলের নিয়োগ দুর্নীতির তিন মামলায় দুই কর্মকর্তার সাজা

রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন নাম্বার টেকার, টুল কিপার ও টিকিট ইস্যুয়ার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা তিন মামলায় সাজা হয়েছে পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা এবং সাবেক সোশাল ওয়েলারফেয়ার অফিসার গোলাম কিবরীয়ার। মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ. মো. মিজানুর রহমানের আদালতে মামলা তিনটির রায় ঘোষণা করা হয়।

দুদকের পিপি রেজাউল করিম রনি জানান, তিনটি মামলাতেই রেলের সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে তিন বছর করে এবং সাবেক জিএম ইউসুফ আলী মৃধাকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আসামিদের মধ্যে গোলাম কিবরীয়া কারাগারে আছেন। তবে ইউসুফ আলী মৃধা পলাতক।

এর আগে রোববার রেলে নিয়োগ দুর্নীতির একটি মামলায় এবং সোমবার আরও দুটি মামলায় রেলওয়ের সাবেক এই দুই কর্মকর্তার সাজা হয়েছিল।

মামলার নথিতে দেখা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন নাম্বার টেকারের ৩১টি শূন্য পদে সাড়ে ৬ হাজার আবেদন জমা পড়ে। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৭৪ জন জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ  হয় ৬১ জন। তবে এদের মধ্যে ১০ জন প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে প্রাপ্ত নম্বরের চেয়ে বেশি নম্বর দিয়ে টেবুলেশন শিট প্রস্তুত করে মৌখিক পরীক্ষার জন্য সরবরাহ করা হয়।

তদন্ত শেষে দুদকের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মামলাটি করেন এবং  ২০১৪ সালের ১০ জুন বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

একইভাবে পূর্ব রেলের টুল কিপারের ৮টি শূন্য পদে নিয়োগের জন্য ৪০৫ জন আবেদন করলেও উত্তীর্ণ হন ১৬ জন। এখানে গোলাম কিবরীয়ার বিরুদ্ধে একই অভিযোগ উঠার পাশাপাশি লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থীকে নিয়োগ দেয়ারও তথ্য উঠে আসে মামলায়।

এই ঘটনায় ২০১২ সালের ১৩ আগস্ট কোতোয়ালী থানায় মামলা করেন দুদক সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা। তদন্ত শেষে এই মামলায় অভিযোগপত্র দেয়া হয় ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর।

পূর্ব রেলের টিকিট ইস্যুয়ারের তিনটি শূন্য পদে নিয়োগের দুর্নীতিতেও উঠে আসে তাদের নাম। ওই পদে ৪১১ জন আবেদন করলেও উত্তীর্ণ হন ৭ জন। এখানেও পরীক্ষার খাতা ঘষামাজা ও টেবুলেশন শিট তৈরি করে ফেল করা প্রার্থীকে নিয়োগ দেয়ার অভিযোগ করা হয় মামলায়।

পরে ২০১২ সালের ১৩ অগাস্ট দুদক সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। পরে ২০১৪ সালের ১৭ জুন আদালতে অভিযোগ গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১১   ৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #