শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » অপরাধ » আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



আজারবাইজানে চাকরি দেওয়ার নামে প্রায় ২০০ জনের সঙ্গে প্রতারণার অভিযোগে ঢাকার উত্তরার এস আলম ওভারসিজ নামক একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি আজারবাইজানের কোলিন কনস্ট্রাকশন নামক একটি কোম্পানির ভুয়া নিয়োগপত্র ও ভিসা দেখিয়ে জনপ্রতি ৮০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার সুমন রেজা জানান, ফ্লাইট নিশ্চিত হওয়ার আশ্বাসে তিনি চাকরি ছেড়ে পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে গিয়ে জানতে পারেন তার ভিসা ও নিয়োগপত্র ভুয়া।

আরেক ভুক্তভোগী গাজীপুর সদর উপজেলার বাসিন্দা মো. শিমুল দেশে বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক কাজ করতেন। আড়াই লাখ টাকায় তাঁকে আজারবাইজানে পাঠানোর আশ্বাস দেয় এস আলম ওভারসিজ। সেখানে জরিপকারী প্রকৌশলী পদে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছিল এজেন্সিটি।

গত ২৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় ২০০ ভুক্তভোগীর পাসপোর্ট নম্বর ও ৩ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের হিসাব উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক জিল্লুর রহমান জানান, এজেন্সির পরিচালক শফিকুল ইসলামের এনআইডি ভুয়া এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা জানান, অক্টোবরের শেষ দিকে ফ্লাইট হবে বলে আশ্বাস দেওয়ার পর ২৩ অক্টোবর রিসিপশনিস্ট মিলি আক্তার প্রতিষ্ঠান বন্ধের কথা জানান। পরে ভুক্তভোগীরা মিলি আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এছাড়া, মেডিকেল টেস্টের নামে সানমুন মেডিকেল সেন্টারের মাধ্যমেও ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, যদিও মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ যোগসাজশের বিষয়টি অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৮   ২৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #