জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে আরও ১৪টি মামলা রয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এজাহারে অভিযোগ করা হয়েছে, নুরুল ইসলাম নাহিদসহ এজাহারনামীয় কয়েকজনের প্রত্যক্ষ মদদ ও নির্দেশনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালান। তদন্ত কর্মকর্তা জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা ও পলাতক আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এছাড়া আন্দোলন প্রতিহত করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা ও সক্রিয় অংশগ্রহণের সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৬ ২৫ বার পঠিত #আদালত সংবাদ #উত্তরা পশ্চিম থানা #গ্রেপ্তার #নুরুল ইসলাম নাহিদ #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #হত্যা মামলা