বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) উঠে এসেছে যে, চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত ছোট-বড় দুর্নীতির শিকার হচ্ছেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে স্বাস্থ্য খাতের দুর্নীতিকে কেবল ব্যক্তির অসদাচরণ নয়, বরং পদ্ধতিগত দুর্বলতা ও শাসনের ঘাটতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনটি সম্পাদনা করেছেন অধ্যাপক আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং ড. শামস এল আরেফিন। এতে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির উদাহরণ হিসেবে বঙ্গভ্যাক্স টিকার অনুমোদনে দীর্ঘসূত্রতা এবং জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য প্রকাশে বাধা দেওয়ার মতো ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত প্রতিবেদনটিকে একটি গুরুত্বপূর্ণ ‘লার্নিং ডকুমেন্ট’ হিসেবে অভিহিত করেছেন। দুর্নীতি প্রতিরোধে প্রতিবেদনে আইন করে কমিশনভিত্তিক রেফারেল নিষিদ্ধ করা, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করা এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধান পদে মন্ত্রী বা সংসদ সদস্যদের নিয়োগ না দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:০১:৪০ ২৯ বার পঠিত #চিকিৎসাসেবা #দুর্নীতি #প্রতিবেদন #বাংলাদেশ হেলথ ওয়াচ #সুশাসন #স্বাস্থ্য খাত