পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ১৯৯৪ সালে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। দীর্ঘ ৩২ বছরের প্রবাসজীবন, প্রতারণা, মানসিক বিপর্যয় ও কারাবাসের দুঃসহ অভিজ্ঞতা শেষে নিঃস্ব ও অসুস্থ অবস্থায় তিনি দেশে ফিরেছেন। গত ১০ নভেম্বর দিয়াগত রাত ১২টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয় জানাতে না পারায় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। ব্র্যাকের সহায়তায় তার পরিচয় শনাক্তের পর মানিকগঞ্জের সিংগাইর থেকে তার বোন মাজেদা বেগম ও শামসুন্নাহারকে খুঁজে বের করা হয়।
লিলুফার দুই বোন জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রথম চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেও কোনো বেতন পাননি তিনি। যে দালালের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই ব্যক্তিই তার উপার্জিত সব অর্থ আত্মসাৎ করেছিলেন।
পরবর্তীতে লিলুফার ছোট ভাই তাকে উদ্ধার করে নিজের কাছে রাখলেও, প্রায় ১৬ বছর আগে ছুটিতে দেশে আসার পর পুনরায় বাহরাইনে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন মাস আগে পরিবারের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, মানসিক অসুস্থতার কারণে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন। বাহরাইন দূতাবাস জানায়, বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরে দূতাবাসের উদ্যোগে ট্রাভেল পাসের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, লিলুফার সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে তার পাশে থাকতে ব্র্যাক কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৭:০৭:১৯ ১১ বার পঠিত #প্রবাসী #বাহরাইন #ব্র্যাক #মানসিক স্বাস্থ্য #মানিকগঞ্জ #লিলুফা বেগম