বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



শৈশবের একটি সাদাকালো ছবি ও পুরোনো পাসপোর্ট সম্বল করে ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন তাঁর জন্মদাতা মা–বাবাকে খুঁজতে। সেলিনা জানান, তাঁর জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে। মাত্র দেড় বছর বয়সে তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসের একটি পরিবার সে দেশে নিয়ে যায়। এখন তিনি নেদারল্যান্ডসের নাগরিক।

সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে এসে তিনি চকরিয়ার মালুমঘাট, ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় স্বজনদের সন্ধানে লিফলেট বিতরণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। সেলিনার কাছে থাকা পুরোনো পাসপোর্টে তাঁর জন্মতারিখ ১৯৮১ সালের ৭ জুলাই উল্লেখ রয়েছে। তিনি জানান,

আমাকে যে গল্পটি বলা হয়েছে, তা হলো, আমি মালুমঘাট থেকে এসেছি। একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে একটি পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। আসলে এটুকুই কেবল আমি জানি।

এই সফরে আবু সৈয়দ নামের এক ব্যক্তি নিজেকে সেলিনার ভাই বলে দাবি করেছেন। আবু সৈয়দ জানান, তাঁর বাবা মোহাম্মদ সাচি মিয়া ও মা সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকার বাসিন্দা। সেলিনা ও আবু সৈয়দ উভয়েই ডিএনএ পরীক্ষার মাধ্যমে সম্পর্কের বিষয়টি নিশ্চিত হতে চান। এ লক্ষ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এখন ফলাফলের অপেক্ষা করছেন তাঁরা। সেলিনা জানান, তিনি তাঁর দত্তক নেওয়া মা–বাবা হেলেনা গোমেজ ও বেনেডি গোমেজের কাছে আদর–যত্নে বড় হলেও জন্মদাতা মা–বাবাকে খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৪২   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #