চট্টগ্রামের বাকলিয়া তক্তারপুল এলাকায় ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে সোবহানকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত বছরের ২৫ জুলাই তক্তারপুল এলাকা থেকে মহিউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় সোবহানকে ৯ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানায়, মহিউদ্দিনকে হত্যার জন্য সোবহান ভাড়াটে খুনি ঠিক করে পিস্তল দিয়ে সহায়তা করেছিলেন। নিহতের ভাই মোহাম্মদ বাদশা জানান, বিরোধের জেরে বাড়ির সামনে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তিনি এই ঘটনার বিচার দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:০০ ১৭ বার পঠিত #অপরাধ #চট্টগ্রাম #বাকলিয়া #মাদক #হত্যা