ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তিনি যদি দেশে আসতে চান, তবে তাঁকে বাধা দেওয়ার কেউ নেই। মন্ত্রী বলেন, তাঁর উচিত ছিল দেশেই থাকা এবং আইন মোকাবিলা করা।
রোববার সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডেরবাজার এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
পলাতক আসামিদের দেশে ফেরার হুংকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি জাতীয় কোনো গুরুত্ব বহন করে না। তিনি আরও বলেন, পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তাঁদের বিরুদ্ধে থাকা সাজা দেশে এসে মোকাবিলা করতে হবে।
বিগত সরকারের ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ওই সরকারের আমলে দুর্নীতি, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিচারের মুখোমুখি এবং তাঁরা আইনের ঊর্ধ্বে নন।
মুন্সিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলার তিনটি আসনেই ভোটাররা ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করেছেন, তাই সরকারের কাছে এই জেলার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি জানান, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়ন ঢেলে সাজাতে চায়। উপজেলা পর্যায়ের সড়ক ১৮ ফুট প্রশস্ত করা এবং আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে জেলার উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
এর আগে মন্ত্রী কুন্ডেরবাজার এলাকায় তালতলা-ডহুরী খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২২:২১:৪০ ৯ বার পঠিত #আইন #বিএনপি #মুন্সিগঞ্জ #শেখ রবিউল আলম #শেখ হাসিনা #সন্ত্রাসবিরোধী সমাবেশ