সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিল এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (০২ অক্টোবর) সচিবালয়ে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ বিষয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সার বিতরণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেলে নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে সার ব্যবস্থাপনায় কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, নতুন ডিলারদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে জমির পরিমাণ, কৃষকের সংখ্যা ও ফসলের নিবিড়তা বিবেচনায় নিতে হবে। প্রতিটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা ও মজুতের তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায়, মজুতদারি এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি। সীমান্তবর্তী জেলাগুলোতে সার পাচার রোধে কঠোর নজরদারি রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই দেশের সার দেশের বাইরে যেতে দেওয়া যাবে না। প্রকৃত কৃষকের কাছে ন্যায্যভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের নির্দেশনাও দেন তিনি। এছাড়া বস্ত্র ও ডাইং কারখানায় ইউরিয়া সার ব্যবহারের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা পর্যায়ের সার মনিটরিং কমিটিকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫৩:০০ ১২ বার পঠিত #কৃষি মন্ত্রণালয় #কৃষিমন্ত্রী #ডিলারশিপ #রবি মৌসুম #সার পাচার #সার ব্যবস্থাপনা