ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর এক নেতার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁর রুকন পদ স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে মহানগর কমিটি এ সিদ্ধান্ত নেয়। অভিযুক্ত নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬), যিনি নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন এবং নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। ওই নেতার দাবি, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। তাঁর মোবাইল হ্যাক করে বা অন্য কোনোভাবে কে বা কারা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত তাঁর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। এটি নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় নিয়েই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, মো. শহীদুল্লাহ্ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের মানহানি করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করেছে। তবে গণমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা এবং অজ্ঞাত কেউ শত্রুতাবশত এটি ছড়িয়ে দিয়েছে। মহানগর জামায়াতের সেক্রেটারি ও সিটি মেয়র প্রার্থী শহীদুল্লাহ কায়সারকে জড়িয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শহীদুল্লাহ কায়সার বলেন, গণসংযোগের সময় বিভিন্ন এলাকার লোকজন তাঁর সঙ্গে থাকেন, সেই সময়ের কোনো ছবি ব্যবহার করে বিরোধী কোনো গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:০১:০৬ ১২ বার পঠিত #জামায়াতে ইসলামী #পদ স্থগিত #ময়মনসিংহ #সাইবার অপরাধ #সামাজিক যোগাযোগমাধ্যম