দেশে হামের সংক্রমণ ও রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারা দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩। উপসর্গ ও নিশ্চিত হামের রোগী মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন, যার মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১৫৮ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, ময়মনসিংহে ১০০, খুলনায় ৯৪, রংপুরে ৩৫ এবং রাজশাহী বিভাগে ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের শুরু থেকেই হামের প্রকোপ দেখা দিলেও অন্তর্বর্তীকালীন সরকার তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মার্চ মাসে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এপ্রিল মাসে টিকাদান কর্মসূচি শুরু হলেও প্রায় ৪০ লাখ শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। গবেষক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, টিকাদানে গাফিলতিই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, যেখানে প্রায় এক দশক ধরে হামে মৃত্যু প্রায় ছিল না।
বাংলাদেশ সময়: ১৯:০৫:৩৭ ১০ বার পঠিত #টিকাদান #রোগের প্রাদুর্ভাব #স্বাস্থ্য অধিদপ্তর #স্বাস্থ্য ঝুঁকি #হাম