চট্টগ্রাম নগরের কালুরঘাট মোহরা বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় আলোচিত সাব্বির হোসেন ওরফে সানিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৪ বছর বয়সী সানিকে গ্রেপ্তার করা হয়। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ভাষ্যমতে, সানি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে ব্যবসায়ী ও শিল্পপতিদের ফোন করে চাঁদা দাবি করতেন। টাকা না দিলে বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলার হুমকি দিতেন তিনি। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সানি আগে বিদেশে ছিলেন এবং বড় সাজ্জাদের নির্দেশে গত বছর চট্টগ্রামে ফিরে চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বড় সাজ্জাদ ও তার সহযোগী বোরহান উদ্দিনের হয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, সানিকে বড় সাজ্জাদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হতো। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল। পুলিশ জানায়, সানি মোবাইলে যোগাযোগের পাশাপাশি হোয়াটসঅ্যাপে অডিও বার্তা পাঠিয়েও ভয়ভীতি দেখাতেন। গত আগস্টে হামজারবাগের এক প্রবাসী ব্যবসায়ীকে ফোন করে চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গত ২০ জুন কালুরঘাট মোহরা বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে তাকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে। চাঁদাবাজির সঙ্গে তার সংশ্লিষ্টতা ও চক্রটির কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২১:৪১:৩৮ ১৯ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #চট্টগ্রাম #চাঁদাবাজি #পুলিশ