শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তেহরানে কাতারের প্রতিনিধিদল, শান্তি আলোচনার নতুন উদ্যোগ

প্রথম পাতা » আন্তর্জাতিক » তেহরানে কাতারের প্রতিনিধিদল, শান্তি আলোচনার নতুন উদ্যোগ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রতিনিধিদলটি ইরানের রাজধানীতে পৌঁছায়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে এএফপি জানায়, কাতারের প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে।

মধ্যপ্রাচ্যে আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরান সফর করেছেন।

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা করছে। কাতারের এ সফরের এক দিন আগে ইরানি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির কাছে পৌঁছেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে শান্তিচুক্তির সুনির্দিষ্ট শর্তের পরিবর্তে সম্ভাব্য আলোচনার কাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার মস্কোয় এক বৈঠকের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কাতার ও পাকিস্তানের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করছে তেহরান। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে তেহরান। এসব শর্তের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতি, বিদেশে জব্দ ইরানের সম্পদ অবমুক্ত করা, দেশটির তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩৭   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #