শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, শামীমা আক্তার শিরিন তার স্বামী ছলিম উদ্দীন তরফদারের সহায়তায় ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। দুদক জানতে পেরেছে যে, আসামিরা তাদের অ্যাকাউন্টের অর্থ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব অর্থ হস্তান্তর বা স্থানান্তর হলে অনুসন্ধানে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আবেদনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১:৩০:৪৩   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #