বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংকটের কারণে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ১ হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকেন, যা শয্যাসংখ্যার আড়াই গুণ। শয্যা না পেয়ে অনেক রোগী হাসপাতালের ওয়ার্ড, বারান্দার মেঝে এবং হাঁটাচলার পথে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে ২৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে ১ হাজার শয্যায় উন্নীত হলেও জনবলকাঠামো রয়ে গেছে ৫০০ শয্যার। এখানে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৪ হাজার এবং অন্তর্বিভাগে আড়াই হাজার রোগী সেবা নেন। চিকিৎসকের ৩২৩টি অনুমোদিত পদের বিপরীতে ৯৪টি পদ শূন্য রয়েছে। এছাড়া দ্বিতীয় শ্রেণির ৫৯৭টি পদের মধ্যে ২৮২টি পদ খালি।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মেহেদি হাসান জানান, নানা সংকটের মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (সিসিএম) ইউনিট এবং হৃদ্রোগীদের জন্য ক্যাথল্যাবের মতো বিশেষায়িত সেবার ঘাটতি রয়েছে। এছাড়া রোগী পরিবহনের জন্য ট্রলি ও হুইলচেয়ারের তীব্র সংকট রয়েছে। ট্রলিম্যানের ২১টি পদের মধ্যে কর্মরত আছেন ১৯ জন, যা রোগীর চাপের তুলনায় অপ্রতুল।
নতুন ভবনে বিদ্যুৎ–বিভ্রাটের কারণে লিফট, ফ্যান ও লাইট বন্ধ থাকে, যা অস্ত্রোপচার কার্যক্রমকে ব্যাহত করছে। জেনারেটর থাকলেও জ্বালানিসংকটে তা নিয়মিত চালানো সম্ভব হয় না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, জনবলসহ অন্যান্য সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:২২:০১ ২২ বার পঠিত #জনবলসংকট #বরিশাল #রোগ #শের-ই-বাংলা মেডিকেল #স্বাস্থ্যসেবা #হাসপাতাল