
সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে। তিন বছর মেয়াদি ৪৫০ কোটি ডলারের এই ঋণচুক্তি আগামী ডিসেম্বরে স্বাক্ষরিত হতে পারে। তবে এই ঋণের জন্য ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কার, কর অব্যাহতি যৌক্তিকীকরণ, বিনিময় হার বাজারভিত্তিক করা এবং সরকারি ভর্তুকি কমানোর মতো কঠিন শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে। আগামী সোমবার ব্যাংককে শুরু হতে যাওয়া আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাস থেকে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং নভেম্বরে আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সংস্কার কার্যক্রম বিলম্বিত হওয়ায় আগের ঋণ কর্মসূচি সফল হয়নি। নতুন কর্মসূচিতেও আইএমএফ একই ধরনের সংস্কার চাইবে এবং জাতীয় স্বার্থেই এসব সংস্কার বাস্তবায়ন করা প্রয়োজন। ২০২৩ সালের ৩০ জানুয়ারি অনুমোদিত ৪৭০ কোটি ডলারের আগের ঋণ কর্মসূচির শর্তগুলো নির্ধারিত সময়ে পূরণ না হওয়ায় সরকার নতুন এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। নতুন কর্মসূচিতে সরকার সংস্কার বাস্তবায়নের জন্য আরও সময় পাওয়ার আশা করছে।
বাংলাদেশ সময়: ১০:১২:০৮ ৫ বার পঠিত #অর্থ মন্ত্রণালয় #অর্থনীতি #আইএমএফ #ঋণচুক্তি #বাংলাদেশ #সংস্কার