কানাডার অভিবাসন বিভাগ ‘ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি) শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের অনলাইন আবেদনপ্রক্রিয়ায় নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে আবেদনকারীদের অতিরিক্ত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং আগে দেওয়া তথ্য পুনরায় পর্যালোচনা করতে হবে। কানাডা সরকারের তথ্য অনুযায়ী, শরণার্থী আবেদনপ্রক্রিয়া আধুনিক ও কার্যকর করার অংশ হিসেবে বিল সি-১২ আইনের আওতায় এই সংস্কার আনা হয়েছে।
- যাঁরা অনলাইন পোর্টালে আবেদন শুরু করেছেন কিন্তু এখনো জমা দেননি, তাঁদের ২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না দিলে ৩ নভেম্বর থেকে নতুন নিয়মে অতিরিক্ত তথ্য প্রদান ও পর্যালোচনা করতে হবে।
- আবেদনকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে, তবে নতুন নিয়মে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
- সীমান্তে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) কাছে আশ্রয়ের আবেদন করে যাঁদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে, তাঁদের ক্ষেত্রে ২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পোর্টাল অ্যাকাউন্টের সঙ্গে আবেদন যুক্ত না করলে সিবিএসএ-র সংগ্রহ করা তথ্য সংরক্ষিত নাও থাকতে পারে।
২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দেওয়া হলে নতুন করে তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাইয়ের পর যোগ্য আবেদনগুলো ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড অব কানাডার (আইআরবি) কাছে পাঠানো হয়, যারা শরণার্থী সুরক্ষা পাওয়ার যোগ্য কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:১৭ ১২ বার পঠিত #অভিবাসন #আইআরসিসি #আবেদন #কানাডা #শরণার্থী