চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক ও বর্তমান প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সিএমপির উপ-কমিশনার (সদর) দপ্তর থেকে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের অক্টোবর ও নভেম্বর মাসের নির্ধারিত তারিখে সাক্ষীদের আদালতে হাজির করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সতর্ক করা হয়েছে যে, সাক্ষীদের অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষের মামলার ফলাফল বিপর্যস্ত হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট সাক্ষী ও কর্তৃপক্ষের ওপর বর্তাবে।
আদালত সাক্ষীদের বিরুদ্ধে সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে সাক্ষীরা হাজির না হলে এবং তাদের অনুপস্থিতির কারণে রাষ্ট্রপক্ষের মামলার ফলাফল বিপর্যস্ত হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট সাক্ষী ও কর্তৃপক্ষের ওপর বর্তাবে।
সিএমপির উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, সমন পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে ২০০ থেকে ২৫০ জন বর্তমানে সিএমপিতে কর্মরত এবং বাকিরা বিভিন্ন ইউনিটে কর্মরত বা অবসরে গেছেন। তিনি জানান, অনেক ক্ষেত্রে সমন যথাসময়ে না পৌঁছানো, ভিআইপি ডিউটি, জরুরি অপারেশনসহ বিভিন্ন সরকারি দায়িত্বের কারণে পুলিশ সদস্যদের পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয় না। তিনি আরও বলেন, সাক্ষীদের সময়মতো নোটিশ পৌঁছানো এবং সরকারি দায়িত্বের সঙ্গে সমন্বয় করা গেলে আদালতে অনুপস্থিতি কমানো সম্ভব।
বাংলাদেশ সময়: ২১:০৬:১০ ১৬ বার পঠিত #আদালত #চট্টগ্রাম #পুলিশ #মামলা #সমন #সাক্ষী #সিএমপি