শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় এই মামলাটি (মামলা নং ০৬) দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০:৪০ মিনিটে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে ট্রলি সংকট দেখা দেয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন।

ঘটনার সময় অভিযুক্তের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুঁড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সাথে মারমুখী আচরণ করেন। পুলিশ দণ্ডবিধির ১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬ ধারায় মামলাটি রুজু করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তদন্ত চলছে। অভিযুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাবেক রাজনৈতিক দল বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত হয়েছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২৯   ১১ বার পঠিত   #  #  #  #  #  #  #