বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



মাঝআকাশে ভয়াবহ হামলার পরও অসীম সাহসিকতায় বিমান নিয়ন্ত্রণে রেখে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর আহত অবস্থায়ও হামলাকারী সহ-পাইলটকে প্রতিহত করে বড় ধরনের দুর্ঘটনা ঠেকানোয় তাকে ‘সত্যিকারের বীর’ হিসেবে উল্লেখ করেছেন মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, চরম বিপদের মধ্যেও গুরুতর আহত অবস্থায় অন্যদের জীবন রক্ষায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার অসীম সাহস ও অটল সংকল্প দেখিয়েছেন। তিনি আরও বলেন, ককপিটে রক্তাক্ত অবস্থায় থেকেও সহ-পাইলটের আক্রমণ প্রতিহত করে মাচ্ছার যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে প্রতিটি ভারতীয় গর্বিত। তার দৃঢ়তা ও সঠিক সিদ্ধান্তের কারণেই মাঝআকাশে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বহু যাত্রীর জীবন রক্ষা পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এই পাইলটের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন। ঘটনাটি ঘটে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ বিমানে। উড্ডয়নের পর প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় সহ-পাইলট বিমানটিকে দ্রুত নিচে নামাতে শুরু করেন। মাচ্ছার তাকে বাধা দিতে গেলে সহ-পাইলট তার ওপর ছুরি নিয়ে হামলা করেন। একাধিকবার ছুরিকাঘাতে গুরুতর আহত হলেও ১৩ বছরের অভিজ্ঞ এই পাইলট পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে কৌশলে ককপিটের দরজা খুলে দিলে বিমানের সামনের দিকের যাত্রীরা ককপিটে প্রবেশ করে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৫০:৩৭   ৬ বার পঠিত   #  #  #  #  #  #