সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগ থেকে বঞ্চিত ময়মনসিংহের ২০ প্রার্থী অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। কাগজপত্র ও পুলিশ ভেরিফিকেশনসংক্রান্ত জটিলতার কারণে এতদিন তাদের নিয়োগ আটকে ছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ওই রাতেই তাদের নাম তৃতীয় ধাপের চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ত্রুটিপূর্ণ নথিপত্র যাচাই শেষে নিয়োগপত্র ডাকযোগে প্রার্থীদের ঠিকানায় পাঠানো হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহে মোট ২৫৯ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এর মধ্যে কাগজপত্র ও পুলিশ ভেরিফিকেশনসংক্রান্ত জটিলতায় ২২ জনের নিয়োগ স্থগিত ছিল, যার মধ্যে ২০ জনের সমস্যার সমাধান হয়েছে। তবে এখনো দুজন প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় আসেনি।
বাংলাদেশ সময়: ১৩:১২:১১ ১০ বার পঠিত #নিয়োগপত্র #প্রাথমিক শিক্ষা #ময়মনসিংহ #শিক্ষা বিভাগ #সহকারী শিক্ষক