যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর ‘এবি ২০১৭’ বিলে স্বাক্ষর করার পর এই নতুন স্বীকৃতি কার্যকর হয়েছে। বিলটি উত্থাপন করেছিলেন সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি। নতুন আইন অনুযায়ী, ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা হিসেবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
তবে এই স্বীকৃতির অর্থ এই নয় যে ক্যালিফোর্নিয়ার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা আদালত বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। আইনটিতে ঈদকে বিচারিক ছুটির তালিকা থেকে আলাদা রাখা হয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের ঈদের নামাজ বা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য স্কুলে অনুপস্থিত থাকাকে অনুমোদিত অনুপস্থিতি হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। সরকারি কর্মীরাও নির্ধারিত নিয়মে আট ঘণ্টার ছুটির সুবিধা নিতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৭ ৯ বার পঠিত #আইন #ঈদুল আজহা #ঈদুল ফিতর #ক্যালিফোর্নিয়া #যুক্তরাষ্ট্র #সরকারি ছুটি