সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
- সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স) স্থানীয় আইন বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় প্রকাশ, প্রচার বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার করা থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
- কোনো কাগজপত্রের বিষয়বস্তু না বুঝে স্বাক্ষর না করা এবং সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে মোবাইল সিম, যানবাহন বা সম্পদ নিবন্ধন করা যাবে না।
- এক অঞ্চলের ইকামা ব্যবহার করে অন্য স্থানে কাজ করা, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা, অবৈধভাবে পানি বিক্রি এবং রাস্তায় পড়ে থাকা পণ্য সংগ্রহ ও বিক্রির মতো দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভনে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কনস্যুলেট জেনারেলের মতে, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রবাসীদের নিরাপদ জীবন নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ১১:৪১:৫০ ৭ বার পঠিত #আইনি পরামর্শ #কনস্যুলেট জেনারেল #প্রবাস জীবন #বাংলাদেশি প্রবাসী #সতর্কতা #সৌদি আরব