রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে মিয়ানমারের অভ্যন্তরে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি, সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা অব্যাহত রাখা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতা জোরদার করা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। এর আগে ৭ সেপ্টেম্বর জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাতেও তিনি প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তি ও আলোচনার উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারের অসহযোগিতার কারণে এখন পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৯ ১৮ বার পঠিত #আন্তর্জাতিক সম্পর্ক #জাতিসংঘ #তারেক রহমান #প্রত্যাবাসন #মানবাধিকার #মিয়ানমার #রোহিঙ্গা সংকট