নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় মানসুর মোল্যা (৪৮) নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় নুর-ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কদমতলা গ্রামের হাসিব মোল্যা (২২) ও তার সহযোগীরা এলাকায় প্রকাশ্যে মাদক সেবন, অনলাইন জুয়া ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যা একটি মাদকবিরোধী সভার আয়োজন করলে হাসিব তাকে হেনস্তা করে। পরবর্তীতে কাছেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর-ইসলাম বিষয়টি নিয়ে হাসিবের কাছে জানতে চাইলে তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মানসুর মোল্যার মৃত্যু হয় এবং নুর-ইসলাম গুরুতর আহত হন। আহত নুর-ইসলামকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২০:৪৯ ১৮ বার পঠিত #অপরাধ #কালিয়া #ছুরিকাঘাত #নড়াইল #মাদক #হত্যা