জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের সমাপনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, যুদ্ধাপরাধীদের স্থান জাতিসংঘের মঞ্চে নয়, বরং আদালতের কাঠগড়ায়—যেখানে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্যে এরদোয়ান সরাসরি নাম উল্লেখ না করলেও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি আরও বলেন, যারা গণহত্যা চালাচ্ছে তাদের যদি ন্যায়বিচার ও ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহি না করা হয়, তবে একই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঘটবে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। এ পরিস্থিতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০:৫৪:২৭ ২০ বার পঠিত #আন্তর্জাতিক সম্পর্ক #ইসরায়েল #এরদোয়ান #জাতিসংঘ #তুরস্ক #নেতানিয়াহু #ফিলিস্তিন #যুদ্ধাপরাধ