রেসিডেন্সি (আকামা), শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯,৫৮৯ জন অবৈধ প্রবাসীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে আইন ভঙ্গের দায়ে মোট ১১,৫৮৭ জনকে আটক করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর (২০২৬) পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে আবাসিক বা আকামা আইন ভঙ্গের দায়ে ৬,০৪৩ জন, সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ৩,১৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২,৩৫৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে। সীমান্ত রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রবেশের চেষ্টাকালে ১,৬৭৮ জন এবং দেশ ত্যাগের চেষ্টাকালে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দিয়ে সহায়তার অভিযোগে আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে দেশটিতে মোট ৪১,১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৩,১৯৩ জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৯,১৩৯ জনকে নিজ খরচে সৌদি ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। সৌদি সরকার সতর্ক করে জানিয়েছে, নিয়মবহির্ভূতভাবে বসবাস বা অনুপ্রবেশকারীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও বড় অংকের জরিমানার বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৮:৫১ ৩০ বার পঠিত #আইন #প্রবাসী #বহিষ্কার #সৌদি আরব #স্বরাষ্ট্র মন্ত্রণালয়