শনিবার, ১ আগস্ট ২০২৬

হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
শনিবার, ১ আগস্ট ২০২৬



হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী

রাজধানীর হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজু (৪৮) হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির মধ্যে প্রধান আসামি মো. বজলু মিয়া ওরফে বজুকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। একই সঙ্গে বজলুর স্ত্রী সাথী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এস আই মো. নাসিম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত বজুর স্ত্রী সাথীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিহত এমাদুল হাওলাদার রাজু কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

একই বাজারে ব্যবসা করতেন প্রধান আসামি বজলু মিয়াও। ব্যবসায়িক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তদন্ত কর্মকর্তা বলেন, গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসার কথা বলে রাজুকে নিজের বাসায় ডেকে নেন বজলু। সেখানে কথাবার্তার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠের ডান পাশে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মগবাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরো বলা হয়, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে প্রধান আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই হাতিরঝিল থানায় এঘটনায় হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় বোন শাহানা বেগম।

বাংলাদেশ সময়: ৭:৫০:০১   ১০ বার পঠিত