ডার্ক ওয়েবভিত্তিক মাদক ব্যবসা নিয়ে দুশ্চিন্তা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডার্ক ওয়েবভিত্তিক মাদক ব্যবসা নিয়ে দুশ্চিন্তা
রবিবার, ১০ মে ২০২৬



ডার্ক ওয়েবভিত্তিক মাদক ব্যবসা নিয়ে দুশ্চিন্তা

দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ডার্ক ওয়েবভিত্তিক মাদক কারবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সহজেই ডার্ক ওয়েবে যোগাযোগ করে ডিওবি, এলএসডি, কিটামিনের মতো ভয়ংকর মাদক দেশে আনা হচ্ছে। আবার অন্য দেশে পাচারের তথ্যও মিলেছে। বিমানবন্দর বা কুরিয়ার সার্ভিসের স্ক্যানিংয়ে এগুলো সাধারণত ধরা পড়ে না। এসব ক্ষেত্রে মাদকের অর্থ লেনদেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডার্ক ওয়েব ব্যবহার করে মাদক কারবার ও ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের বিষয়টি শনাক্তের ক্ষেত্রে কারিগরি সক্ষমতার অভাব রয়েছে। এ কারণে গত পাঁচ বছরে শুধু তিনটি চক্রকে শনাক্ত করতে পেরেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এর মধ্যে সর্বশেষ গত ২৫ মার্চ ঢাকায় ভাড়া বাসার একটি কক্ষে গড়ে তোলা অস্থায়ী ল্যাব থেকে ৬ কেজি ৩০০ গ্রাম কিটামিন জব্দ করা হয়।

ডিএনসি মহাপরিচালক হাসান মারুফ গণমাধ্যমকে বলেন, ডার্ক ওয়েবভিত্তিক মাদক কারবার শনাক্তের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মোবাইল ফরেনসিক ল্যাব ও সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। আশা করছি, দ্রুতই অনুমোদন হয়ে যাবে। তখন সন্দেহভাজন মাদক কারবারিদের মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ডার্ক ওয়েবকেন্দ্রিক কারবার, ক্রিপ্টোকারেন্সিতে টাকা পাচারের বিষয়গুলো ধরা সহজ হবে।

ডিএনসি সূত্র জানায়, ২০২১ থেকে চলতি বছর পর্যন্ত কিটামিন, ডিওবি (ডাইমিথোক্সিবোমো এমফিটামিন) ও এলএসডির (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) তিনটি চালান ধরা পড়েছে। সর্বশেষ অভিযানে ঢাকার একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে সন্দেহজনক পার্সেল জব্দ করা হয়। সেটি তল্লাশি করে একটি ব্লুটুথ সাউন্ড স্পিকারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৫০ গ্রাম কিটামিন উদ্ধার করে ডিএনসি। জব্দ পার্সেলের তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে রাজধানীর উত্তরায় একটি চক্রের সন্ধান পাওয়া যায়। পরে ওই (২৫ মার্চ) রাতেই উত্তরা থেকে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করে ডিএনসি।

ডিএনসি ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দাসূত্রে আমরা একটি ‘কি-ওয়ার্ড’ পাই, যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে সেই লেনদেন খুঁজতে গিয়ে মাদক কারবারের আভাস মেলে। তদন্তে জানা যায়, চক্রটি ডার্ক ওয়েব ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে মাদক সংগ্রহ করত, একইভাবে বিক্রির জন্য অর্ডারও নিত। তারা কিটামিন প্রক্রিয়াজাত করে সাউন্ড স্পিকারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে লুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠাত। আর তারা মূলত ‘ট্রন’ নেটওয়ার্ক ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করত।

আরও দুই চক্রের সন্ধান২০২২ সালের ৫ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাজমুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছিল ডিএনসি। তার কাছে এলএসডির ২৩৮টি রঙিন ছাপা ব্লটিং পেপার স্ট্রিপ পাওয়া যায়। ওই মামলার তদন্ত কর্মকর্তা ডিএনসি ঢাকা মহানগর দক্ষিণের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে নোয়াখালীতে কর্মরত) সুব্রত সরকার বলেন, ডার্ক ওয়েব ব্যবহার করে মাদকের কারবার সরাসরি শনাক্ত করা কঠিন। এ ক্ষেত্রে প্রথমে আমরা জেনেছিলাম, বিদেশ থেকে নতুন কোনো মাদক এসেছে। এরপর ক্রেতা সেজে যোগাযোগ করে নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য তার মোবাইল ফোন ও ল্যাপটপ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। তাতে দেখা যায়, ডার্ক ওয়েবে অর্ডার করে বিদেশ থেকে এলএসডি আনতেন তিনি। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদকের দাম পরিশোধ করতেন।

এর আগে ২০২১ সালের নভেম্বরে খুলনায় ৯০টি ডিওবি স্ট্রিপ, বেশ কিছু এলএসডিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ডিএনসির তদন্তসূত্র জানায়, ডার্ক ওয়েবে অর্ডার দিয়ে পোল্যান্ড থেকে আনা হয়েছিল ওই মাদকের চালান। এ ক্ষেত্রেও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদকের দাম পরিশোধ করা হয়।

যেভাবে ‘ডার্ক ওয়েবে’ শুভডিএনসির অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তার শুভ পেশায় গ্রাফিক্স ডিজাইনার। তিনি তাঁর ডিজাইন অনলাইনে বিদেশি ক্রেতাদের কাছে বিক্রি করে ডলারে পেমেন্ট পেতেন। সেই ডলার বিটকয়েনে রূপান্তর করেই মাদকের চালান আনা হয়।

নজরদারিতে সক্ষমতার অভাবঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, অনলাইনভিত্তিক মাদক কারবার বেশ বেড়েছে। এ ধরনের কারবারি শনাক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কারিগরি সক্ষমতার অভাব রয়েছে। সে ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাব স্থাপন ভালো উদ্যোগ। তবে সেখানে দক্ষ জনবল ও প্রযুক্তির সঠিক প্রয়োগ হলেই শুধু সফলতা পাওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ০:১১:৪২   ২২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হান্টাভাইরাসে আক্রান্ত ছয়জন, মহামারি নিয়ে ডব্লিউএইচও’র বার্তা
মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ
একসময় আইনজীবীরা সংসদে যেতেন, এখন ব্যবসায়ীরা যাচ্ছেন: মহসিন রশিদ
গৃহবিবাদে বিদ্ধ তৃণমূল কংগ্রেস, মমতাও দিশেহারা
ডার্ক ওয়েবভিত্তিক মাদক ব্যবসা নিয়ে দুশ্চিন্তা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন
নূর আলী ও তার নির্মাণপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি ও ঘুষ নেওয়ার দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ