বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার

প্রথম পাতা » আন্তর্জাতিক » হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার

ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা ও কয়েক মাসব্যাপী মার্কিন নৌ-অবরোধের মধ্যেই বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি পরিবর্তিত মানচিত্র শেয়ার করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প।

এর আগে গত ২৭ মার্চ এক বক্তৃতায় তিনি প্রথমবার ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় উপস্থিত জনতা এটিকে রসিকতা হিসেবে ধরে নিলেও ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, গণমাধ্যম একে ভুল মনে করতে পারে, কিন্তু তিনি ‘খুব কমই ভুল করেন’।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্রপথ। পরিসংখ্যান অনুযায়ী— বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়েই যাতায়াত করে। মার্কিন নৌ-অবরোধের কারণে এই পথ দিয়ে বাণিজ্য বর্তমানে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে দুই মাস ধরে চলা সংঘাত অবসানে ইরানের দেওয়া একটি নতুন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প।

ইরানের প্রস্তাব ছিল— হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধাবসান হবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতে কোনো এক সময়ে করা হবে।

তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যতক্ষণ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ না করছে এবং ওয়াশিংটনের সকল শর্ত মানছে না, ততক্ষণ কোনো শান্তি চুক্তি হবে না এবং নৌ-অবরোধও অব্যাহত থাকবে।

আলোচনায় অচলাবস্থা ভাঙতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর একটি ‘স্বল্প ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে জানা গেছে। ওয়াশিংটনের লক্ষ্য হলো, এই হামলার মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে। সূত্র- এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৮:১১:৪৭   ৮ বার পঠিত