![]()
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিরোধী দলগুলোর পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করা হয়।
দলভিত্তিক মনোনয়নের হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামি পেয়েছে ৮টি আসন, এনসিপি ২টি, জাগপা ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি এবং জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন একজন।
মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছেন—
কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম, জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
বিরোধী দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত আসনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক স্তর থেকে প্রতিনিধিত্ব আনার লক্ষ্যেই এ মনোনয়ন দেওয়া হয়েছে।
১১ দলের প্রাপ্য ও আসন সমঝোতার প্রতিশ্রুতির ভিত্তিতেও এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, বিএনপি আবেদন জমা নিয়েছে, ফি জমা নিয়েছে, সাক্ষাৎকার নিয়েছে। কিন্তু আমাদের পদ্ধতি ভিন্ন। দল যাকে যোগ্য মনে করেছে তাকে দিয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, জুলাই পরিবারের প্রতিনিধিত্বও আছে। সকল কিছুর ঊর্ধ্বে শহীদ পরিবার। তাই একজনকে নমিনেশন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে না। সততা, যোগ্যতা ও নৈতিকমান দেখে মনোনয়ন দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১:২৯:২১ ১০ বার পঠিত