বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিকসহ আহত ৩০

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিকসহ আহত ৩০
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিকসহ আহত ৩০

নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিটিভির এক সাংবাদিকসহ এনসিপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে এই হামলার ঘটনা ঘটে।

এর মধ্যে চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে শাপলা কলি প্রতীকের প্রার্থী হান্নান মাসউদের গাড়িবহরে থাকা বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তারা মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এ সময় তারা মিরাজের সাথে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককেও পিটিয়ে আহত করে।

এদিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওচখালী বাজার এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে হান্নান মাসুদের সমর্থক আব্দুল কাদের এবং তার ছেলে মো. ফয়সাল হামলার শিকার হন। আব্দুল কাদের অভিযোগ করে বলেন, হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের নেতাকর্মী।

এছাড়াও বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে প্রায় ৩০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৪ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

হাসপাতালে ভর্তি আহত কর্মী-সমর্থকদের দেখতে যান আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। তিনি আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এ বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। অনেক স্থানে হামলা করা হয়েছে। অনেকে হাসপাতালে গেছেন। যানবাহন সংকট থাকায় অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি নিজেও নির্বাচনী দায়িত্বে ব্যস্ত রয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩০   ৬৫ বার পঠিত