
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ। রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আপিলটি করা হয়। গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে রায় দেন। এরপর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক ও পূর্ণাঙ্গ রায় দুটি প্রকাশিত হয়। এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছিলেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরবর্তীতে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবি ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট করেছিল।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:০৪ ৬ বার পঠিত #আপিল #এনবিআর #করা #গ্রামীণ কল্যাণ #ড. মুহাম্মদ ইউনূস #হাইকোর্ট