সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরানে নজরদারি চালানোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন এলাকায় এএইচ-৬আই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে থাকা দুজন ক্রু নিহত হয়েছেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছিলেন যে, তাদের যোদ্ধারা নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তবে সৌদি জোটের মুখপাত্র এই দাবি প্রত্যাখ্যান করে সারিবদ্ধ অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছেন এবং হুথিদের দাবিকে ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছেন। সৌদি কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ইয়েমেনে ২০১৫ সাল থেকে সৌদি জোট ও হুথিদের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও চলতি বছরের জুলাই থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৫ ৫ বার পঠিত #ইয়েমেন সংঘাত #নাজরান #সামরিক জোট #সৌদি আরব #হুথি বিদ্রোহী #হেলিকপ্টার বিধ্বস্ত