নির্বাচন ঘিরে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » নির্বাচন ঘিরে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচন ঘিরে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে মঙ্গলবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে ব্যাগ ও যানবাহন।

পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যেন অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক কোনো সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলও বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আজ দুপুরে শাহবাগে তল্লাশী চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে শাহবাগ থানা পুলিশ। প্রথমে পুলিশ গাড়ি থামানোর সংকেত দিচ্ছে। থামার পর গাড়ি চালক বা মোটরসাইকেল চালককে হাত উপরে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর তার শরীর তল্লাশি করা হয়। কারও কাছে ব্যাগ থাকলে পুলিশ তাকে সেটি খুলে ভেতরে কোনো নাশকতামূলক বস্তু আছে কি না, তা দেখছে।

তল্লাশিস্থলে উপস্থিত শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ বিভিন্ন সড়কে তল্লাশি চালান। এ সময় কারও কাছে নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি।

ধানমন্ডির ৮/এ, ধানমন্ডি ২৭, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, তার এলাকায় পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি আলাদা তল্লাশি কার্যক্রম চালিয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানা এলাকায় তল্লাশি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৩৬   ৩৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ