
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তার দল সরকার গঠন করতে পারলে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা যাবেন, তাদের জন্য ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে কাউকে আর জমি বিক্রি করে বিদেশে যেতে না হয়।’ সোমবার ঢাকা-১৭ আসনের বনানী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি আমাদের ভাইয়েরা বিদেশে যাওয়ার আগে জমি বিক্রি করে। আমরা চাই তারা জমি ধরে রেখেই বিদেশে যেতে পারুক এবং ভবিষ্যতে দেশে ফিরে নিরাপদ জীবন গড়ে তুলতে পারুক।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচনের জন্য বাংলাদেশের বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।’ আগামী ১২ তারিখে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি সরকার গঠন করলে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং সাধারণ মানুষ পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।’
স্বাস্থ্যখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যারা নারী ও শিশুদের ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। এতে একদিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাই ও সন্তানেরাও এখানে বড় হয়েছে। এই এলাকার সঙ্গে আমার আজীবনের ও আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে সঠিকভাবে দেশকে পরিচালনা করার। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।’
তিনি বলেন, ‘বিএনপির প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে দলটি পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা সমাধানে কাজ করা হবে।’
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করতে পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে নারীরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন।’
এ ছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে এবং যুব সমাজকে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, ‘ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের অবস্থার পরিবর্তন সম্ভব এবং বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।’
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৭ ৩৩ বার পঠিত