নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

প্রথম পাতা » জাতীয় » নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক  পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার  প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থাসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা এ দুই নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক সংস্থার সঙ্গে যুক্ত আরও ৩২ জন ব্যক্তি নিজ নিজ সক্ষমতায় পর্যবেক্ষক হিসেবে আসছেন। সবমিলিয়ে নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে।প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ই জানুয়ারির সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ জন এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।

নির্বাচন পর্যবেক্ষণে ইসলামী সহযোগিতা সংস্থার দুই সদস্যের একটি দল আসছে। এ দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট থেকে একজন পর্যবেক্ষক আসবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে প্রেস উইং জানায়, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী আরও ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সফর সমন্বয়ের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সমন্বয়ক লামিয়া মুর্শেদ জানিয়েছেন, আরও কয়েকটি দেশের পক্ষ থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে এখনো কিছু দেশ তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেনি। নাম নিশ্চিত না করা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া।প্রেস উইং আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এদিকে জাতীয় সংসদের ৩০০টি আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২:৩৭:৫৯   ৯৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
আইনমন্ত্রী মামলা জট নিরসনে সরকারের বহুমাত্রিক পদক্ষেপ
বার কাউন্সিল নির্বাচনে কোনো হস্তক্ষেপ নেই, পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: আইনমন্ত্রী
নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী
রমনা বটমূলে বোমা হামলা ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে করা মামলার বিচার
নতুনের আবাহনে পহেলা বৈশাখের আগমন
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ খোলা চিঠি
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল নতুন আইন না হলে চাপ আরও বাড়বে
সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী ১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই
দুপুরে জামিনের পর বিকেলেই কারামুক্ত শিরীন শারমিন

Law News24.com News Archive

আর্কাইভ