কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

কুমিল্লার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের পর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট দুটি আসনের আগের সীমানা পুনর্বহাল করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়টি স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর আবেদনে শুনানির পর রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।

এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ৮ জানুয়ারি রায় দেন হাইকোর্ট। ঘোষিত রায়ে দাউদকান্দি–তিতাস উপজেলার পরিবর্তে দাউদকান্দি–মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা–১ সংসদীয় আসন এবং হোমনা–মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা–তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা–২ আসনের সীমানা পুনর্নির্ধারণ–সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের অংশবিশেষ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে আগের মতো দাউদকান্দি–তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা–১ আসন ও হোমনা–মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা–২ আসন পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ইসিকে গেজেট প্রকাশ করতে বলা হয়।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ইসি ও কুমিল্লা–২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন আপিল বিভাগে পৃথক আবেদন করেন। আবেদন দুটি শুনানির জন্য চেম্বার আদালতে আজকের কার্যতালিকায় ১ ও ২ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী কামাল হোসেন মিয়াজী শুনানিতে ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আবদুল্লাহ আল মামুন।

এর আগে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ আসন ছিল দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে। আর হোমনা–মেঘনা উপজেলা নিয়ে ছিল কুমিল্লা-২ আসন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ–সংক্রান্ত গেজেট প্রকাশ করে। তাতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা–১ আসন এবং হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা–২ সংসদীয় আসন পুনর্নির্ধারণ করা হয়।

গেজেটের এ–সংক্রান্ত অংশবিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনসহ ছয় ব্যক্তি গত বছর রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। এ মামলায় বিবাদী হিসেবে যুক্ত হন কুমিল্লা–২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন ও মেঘনা উপজেলার বাসিন্দা এম এ মিজানুর নামের এক ব্যক্তি। চূড়ান্ত শুনানি শেষে ৮ জানুয়ারি রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছেন। এতে গত বছরের ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ– সংক্রান্ত গেজেট আসন দুটির ক্ষেত্রে বহাল থাকছে। এ সীমানা অনুসারে আসন দুটিতে নির্বাচন হতে আইনি বাধা নেই।

বাংলাদেশ সময়: ৫:৪২:৩১   ১৫৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ