মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ সালমান পরিবারের বিরুদ্ধে ৪ মামলা করছে দুদক

প্রথম পাতা » দুদক » ২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ সালমান পরিবারের বিরুদ্ধে ৪ মামলা করছে দুদক
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক

ঋণের নামে জনতা ব্যাংকের ২ হাজার ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সালমান এফ রহমান, তার ভাই সোহেল এফ রহমান এবং তাদের দুই ছেলেসহ ৯৪ জনকে আসামি করে চারটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। দেশের শীর্ষস্থানীয় এ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান সোহেল এফ রহমান। সালমানের ছেলে শায়ান ফজলুর রহমান এবং সোহেলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানও কোম্পানির বিভিন্ন পর্যায়ে দায়িত্বে রয়েছেন। এদের সবাইকে অনুমোদিত মামলাগুলোতে আসামি করা হয়েছে। এছাড়া আসামির তালিকায় জনতা ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম রয়েছে।

দুদক বলছে, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে অর্থ পাওয়ার জন্য বেক্সিমকো গ্রুপ ২৪টি কোম্পানি খোলে। এর মধ্যে চারটি কোম্পানির নামে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ঋণ ও ইডিএফ সুবিধা নিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে চারটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

মামলাগুলোতে বলা হয়-ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে প্রতারণা-জালিয়াতির মাধ্যমে ঢাকায় জনতা ব্যাংকের লোকাল অফিসে কয়েকটি নবসৃষ্ট ও অভিজ্ঞতাহীন পোশাক শিল্পপ্রতিষ্ঠানের নামে ইডিএফ ও বিবি এলসি সুবিধা অনুমোদন ও বিতরণ করা হয়। পরে এসব কোম্পানি নিজেদের মধ্যে ভুয়া আমদানি-রপ্তানি দেখিয়ে ‘অ্যাকোমোডেশন বিল’ তৈরি করে বিপুল বৈদেশিক মুদ্রা উত্তোলন ও আত্মসাৎ করে।

আত্মসাৎকৃত অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে মামলায়। পাশাপাশি বলা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা দায়িত্বে থেকেও জেনেশুনে অনিয়ম অনুমোদন করেছেন; ফলে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ এবং এর একটি অংশ বিদেশে পাচার হয়েছে। এর আগে জনতা ব্যাংকের ১ হাজার ৯৫০ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে নভেম্বরে সালমান এফ রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছিল দুদক।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১১   ৭৭ বার পঠিত